নিজস্ব প্রতিবেদক
চলছে অমর একুশের বইমেলা-২০২৬ এর শেষ মুহূর্তের প্রস্তুতি। বইপ্রেমী মানুষ, লেখক আর প্রকাশকদের পদচারণায় মুখর হয়ে ওঠার অপেক্ষায় বাংলা একাডেমি প্রাঙ্গণ। নির্বাচনের কারণে শুরু হতে দেরি হলেও মেলায় ভালো সাড়া পাওয়ার আশা আয়োজকদের। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বইমেলার আয়োজন ঘিরে প্রাণবন্ত হয়ে ওঠে বাংলা একাডেমি প্রাঙ্গণ। বিশেষ করে পহেলা ফাল্গুন, একুশের ফেব্রুয়ারিতে দেখা যায় ক্রেতা-দর্শনার্থীর উপচে পড়া ভিড়। তবে এবারের চিত্র ভিন্ন। নির্বাচনের কারণে এবার বইমেলা শুরু হচ্ছে দেরিতে।
পহেলা ফেব্রুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আয়োজন। আর সেই অপেক্ষায় আছেন বইপ্রেমীরা। তারা বলেন, হৃদয়ের টানে বাংলা একাডেমিতে আসলেও এখানকার পরিবেশ নিষ্প্রাণ লাগছে। কারণ এবার ২১শের বইমেলা ২১শে হচ্ছে না। বইমেলা পরে শুরু হবে; এ ব্যাপারটা একটু খারাপ লাগছে। যে জমজমাট পরিবেশটা থাকে, সেটা এবার নেই।
